Published : 13 Jun 2026, 02:30 PM
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া নির্দেশনার পর নতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল, ক্লড ফেইবল ফাইভ ও মিথোস ফাইভের কার্যক্রম বন্ধ করেছে অ্যানথ্রপিক।
শুক্রবার বিকেলে পাওয়া সরকারি নির্দেশনা অনুসরণ করতেই কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে বলে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ওয়্যার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অ্যানথ্রপিকের ভাষ্য অনুযায়ী, নির্দেশনায় যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে থাকা যে কোনো বিদেশি নাগরিকের জন্য মডেলগুলোর ব্যবহার স্থগিত করতে বলেছে কর্তৃপক্ষ। নির্দেশনা পুরোপুরি মেনে চলতে সব গ্রাহকের জন্যই প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে তারা।
ঘটনাটি অ্যানথ্রপিক ও ডনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ অ্যানথ্রপিককে ‘সরবরাহ শৃঙ্খল ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করে। এরপর সরকারি সংস্থা ও ঠিকাদারদের জন্য কোম্পানিটির প্রযুক্তি ব্যবহারে কার্যত নিষেধাজ্ঞা আসে। এর জবাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে অ্যানথ্রপিক।
মঙ্গলবার ক্লড ফেইবল ফাইভ উন্মুক্ত করে কোম্পানিটি। এটি মিথোস এআই মডেলের এমন একটি সংস্করণ, যাতে সাইবারনিরাপত্তা, জীববিজ্ঞান ও রসায়নসংক্রান্ত প্রশ্নের উত্তর সীমিত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছিল অ্যানথ্রপিক।
অ্যানথ্রপিক বলছে, এপ্রিল মাসে সীমিত পরিসরে মিথোস প্রিভিউ চালুর পর যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় মডেলটি উন্মুক্ত করা হয়। উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে সাইবারনিরাপত্তা জোরদারে সহায়তা করা এবং প্রযুক্তিটি যেন শক্তিশালী হ্যাকিং সরঞ্জাম তৈরির টুলে পরিণত না হয়, সেই উদ্বেগ কমানো।
শুক্রবার প্রকাশিত ব্লগ পোস্টে অ্যানথ্রপিক বলেছে, স্থানীয় সময় বিকেল ৫টা ২১ মিনিটে তারা যুক্তরাষ্ট্র সরকারের একটি চিঠি পেয়েছে।
কোম্পানিটি লিখেছে, “চিঠিতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের নির্দিষ্ট কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।”
আরও বলা হয়েছে, “সরকারের ধারণা, তারা ফেইবল ফাইভের নিরাপত্তা সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার বা ‘জেইলব্রেক’ করার একটি পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছে। আমরা এই নির্দিষ্ট কৌশলের একটি প্রদর্শন পর্যালোচনা করেছি, যেখানে আগে থেকেই পরিচিত কয়েকটি ছোটখাটো দুর্বলতা শনাক্ত করা হয়েছে। এসব দুর্বলতা তুলনামূলকভাবে সহজ এবং আমরা দেখেছি, অন্য উন্মুক্ত মডেলও কোনো নিরাপত্তা সীমা অতিক্রম না করেই সেগুলো খুঁজে বের করতে পারে।”
ব্লগ পোস্টে অ্যানথ্রপিক দাবি করেছে, ক্লড ফেইবল ফাইভের অপব্যবহার কমাতে তারা শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা যুক্ত করেছে। তাদের মতে, সরকারের শনাক্ত করা জেইলব্রেক পদ্ধতিটি ছিল সীমিত পরিসরের এবং এটি কোনো আক্রমণকারীকে অন্য এআই মডেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সক্ষম করে তুলত না।
কোম্পানিটির ভাষ্য, “এ পর্যন্ত সরকার আমাদের যে মৌখিক তথ্য দিয়েছে, তা একটি সম্ভাব্য সীমিত ও সর্বজনীন নয় এমন জেইলব্রেকের ইঙ্গিত দেয়, যার মূল বিষয় হলো মডেলটিকে একটি নির্দিষ্ট কোডবেইজ পড়ে সফটওয়্যারের ত্রুটি ঠিক করতে বলা। আমাদের ধারণা, একটি সম্ভাব্য জেইলব্রেক পদ্ধতি সরকারের সঙ্গে কেউ শেয়ার করেছে।”
অন্যদিকে, হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের মুখপাত্ররা ওয়্যার্ডের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি।
চলতি সপ্তাহে প্রকাশিত এক নীতিবিষয়ক প্রবন্ধে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই লিখেছিলেন, তিনি ও তার কোম্পানি এমন একটি ন্যায্য, কাঠামোবদ্ধ ও স্বচ্ছ সরকারি প্রক্রিয়ার পক্ষে, যা অনিরাপদ এআই মডেল উন্মুক্ত হওয়া ঠেকাতে পারে।
তবে শুক্রবারের ব্লগ পোস্টে অ্যানথ্রপিকের দাবি, “এই পদক্ষেপ ওই নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”