Published : 05 Jun 2025, 02:20 PM
২০২৫ সালে স্পেসএক্সের আয় প্রায় এক হাজার পাঁচশ ৫০ কোটি ডলার হবে বলে আশা করছেন কোম্পানিটির প্রধান ইলন মাস্ক।
মঙ্গলবার মার্কিন এই ধনকুবের বলেছেন, তার কোম্পানি স্পেসএক্স এ বছর প্রায় এক হাজার পাঁচশ ৫০ কোটি ডলার আয় করবে। এর মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ খাতে রকেট নির্মাতা কোম্পানিটির ক্রমাগত আধিপত্যের কথাই উঠে এল।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, আগামী বছর স্পেসএক্সের মহাকাশ থেকে বাণিজ্যিক আয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আনুমানিক একশ ১০ কোটি ডলারের বাজেটকেও ছাড়িয়ে যাবে।
রয়টার্স লিখেছে, নাসা এখনও মহাকাশ গবেষণা ও দূরবর্তী মহাকাশ অভিযানে অর্থ ব্যয় করে চলেছে, সেখানে স্পেসএক্স আয় করছে সাশ্রয়ী রকেট উৎক্ষেপণ ও স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার বাড়তি চাহিদা থেকে।
১২২ মিটার বা প্রায় ৪০ তলা ভবনের সমান উচ্চতার স্টারশিপ রকেট তৈরি করছে স্পেসএক্স, যেটি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মতে, মানুষকে মঙ্গলে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্পেসএক্সের পুনর্ব্যবহারযোগ্য ফ্যালকন ৯ ও ফ্যালকন হেভি রকেট উৎক্ষেপণের খরচ অনেক কমিয়ে দিয়েছে। ফলে স্পেসএক্স বিশ্বের মহাকাশ উৎক্ষেপণ বাজারের বড় একটা অংশ দখল করতে পেরেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
২০২৪ সালে রেকর্ড সংখ্যাক ১৩৪টি ফ্যালকন রকেট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স, যা কোম্পানিটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত রকেট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে।
গত সপ্তাহে স্পেসএক্স বলেছে, এ বছর শেষ হওয়ার আগ পর্যন্ত ১৭০টি রকেট উৎক্ষেপণ করে রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছে তারা। কারণ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, যা মেটানোর চেষ্টা করছে কোম্পানিটি।
স্পেসএক্সের আয়ের প্রধান উৎস হচ্ছে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। মাস্ক বলেছেন, ভবিষ্যতে তাদের আয়ের বিষয়টি জনসাধারণের কাছে প্রকাশ করবে তারা। কিন্তু কবে নাগাদ হবে তা এখনও বলেননি তিনি।
২০২৩ সালের নভেম্বরের শুরুতে মাস্ক বলেছিলেন, স্টারলিংক এত টাকা আয় করছে যে এখন কোম্পানিটির লাভ-ক্ষতির মধ্যে সমতা এসেছে। স্টারলিংকের মাধ্যমে স্পেসএক্স অনেক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, যা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালের গুরুত্বপূর্ণ এক অংশ জয়ের জন্য স্পেসএক্স ও তার দুই অংশীদার এগিয়ে রয়েছে বলে এপ্রিল মাসে এ সংশ্লিষ্ট পরিচিত ছয়জনের বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছিল রয়টার্স।