Published : 17 Sep 2026, 01:53 PM
গেইমারদের অভিজ্ঞতা আরও ভালো করতে প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার ও আধুনিক ফিচারের সমন্বয়ে দুটি নতুন ওয়্যারলেস হেডসেট বাজারে নিয়ে এসেছে সনি।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ‘প্লেস্টেশন পালস’ ও ‘পালস এজ’ নামের দুটি নতুন ওয়্যারলেস হেডসেটে প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার ও প্লেস্টেশন লিংক কানেক্টিভিটি যোগ করেছে।
প্ল্যানার ম্যাগনেটিক হেডসেটগুলোতে চুম্বকের মধ্যে পাতলা ফ্ল্যাট ডায়াফ্রাম ব্যবহৃত হয়, যা অন্যান্য ড্রাইভারের তুলনায় কম বিকৃতি ঘটিয়ে আরও পরিচ্ছন্ন বেইস দিতে পারে।
এর আগে, ২০২৩ সালে প্রিমিয়াম হেডসেট ব্র্যান্ড ‘অডিজি’ অধিগ্রহণ করে সনি, যারা এ প্রযুক্তির ডিভাইস তৈরির জন্য বিশেষভাবে পরিচিত। তারই ধারাবাহিকতায় সনি ২০২৪ সালে নিজেদের প্রথম প্ল্যানার ম্যাগনেটিক হেডসেট ‘পালস এলিট’ বাজারে এনেছিল।
সনির ঘোষণা অনুসারে, নতুন পালস ও পালস এজ উভয় হেডসেটই গেইমের ভেতরের যে কোনো শব্দের দিক নিখুঁতভাবে বুঝতে সাহায্য করবে। ফলে ফার্স্ট-পারসন শুটার গেইমগুলোতে খেলোয়াড়রা খুব সহজেই বুঝতে পারবেন পায়ের শব্দ ঠিক কোন দিক থেকে আসছে।
পাশাপাশি, প্লেস্টেশন লিংকের কল্যাণে এসব হেডসেট কম ল্যাটেন্সি বা বিলম্বে অডিও সরবরাহ করতে পারে। ফলে পিএস৫, প্লেস্টেশন পোর্টাল, পিসি ও ম্যাকের মতো যেসব ডিভাইস এই কানেক্টিভিটি সমর্থন করে, সেগুলোর মধ্যে খুব সহজে ডিভাইস পরিবর্তন করা সম্ভব।
এ ছাড়া, ব্লুটুথের মাধ্যমেও অন্যান্য ডিভাইসে এসব হেডসেট সংযোগ করা যাবে।
ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টার করতে এআইওয়ালা ‘নয়েজ রিজেকশন’ ফিচারসহ বিল্ট-ইন মাইক্রোফোন নিয়ে এসেছে সনির নতুন প্লেস্টেশন পালস ও পালস এজ হেডসেট।
তবে পালস মডেলের তুলনায় পালস এজ-এ দ্বিগুণ ম্যাগনেট ব্যবহৃত হয়েছে, যা আরও ভালো বেইস দেবে। এজ মডেলে রয়েছে ‘অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন’ ও আরও স্পষ্ট ভয়েস চ্যাটের জন্য খোলার উপযোগী বুম মাইক।
হেডসেট দুটি এখনও বাজারে বিক্রির জন্য উন্মুক্ত হয়নি। তবে পালস এজের দাম বেশি হতে পারে। সম্ভাব্য দামের ক্ষেত্রে বর্তমানে অ্যামাজনে প্লেস্টেশন পালস এলিট ১৪৯ ডলারে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, সিইএস ২০২৬-এ উন্মোচিত হওয়া নতুন ‘অডিজি ম্যাক্সওয়েল ২’-এর প্লেস্টেশন সংস্করণের দাম ৩২৯ ডলার।