তৃতীয় প্রান্তিকে ‘আয় বেড়েছে’ মনোস্পুল পেপারের
শেয়ার প্রতি আয় বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা।
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকে আয় বাড়ার খবর দিয়েছে।
বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় প্রান্তিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা, এর আগের বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৩২ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার ভার্চুয়ালি কোম্পানির ১৯৮তম বোর্ড সভা হয়। সেখানে পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড শিল্প প্রকল্প একীভূত হওয়ার পরবর্তী তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদিত হয়।
একীভূত হওয়ার আগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা। একীভূত হওয়ার পর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ১০ লাখ ৫১ হাজার ১৬ টাকা হয়েছে হওয়ার তথ্য দিয়েছে মনোস্পুল পেপার।
কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন, পরিচালক মো. মোবারক হোসেন, কোম্পানি সচিব মো. এমদাদুল হক বোর্ড সভায় উপস্থতি ছিলেন।
