Published : 04 Nov 2025, 12:40 AM
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন—ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট পদে সাইফুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।
তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক। তিনিসহ মোট ১৫ জন আগামী ২০২৬-২০২৭ মেয়াদে ডিবিএর নেতৃত্ব দেবেন।
সোমবার ডিবিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন বোর্ড মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে।
অন্যান্য পদের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান ও ভাইস প্রেসিডেন্ট পদে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক বিজয়ী হয়েছেন।
পরিচালক পদে নির্বাচিত হন এবি অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর. এন. ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, আজম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার ও নিউ এরা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমসের।
এছাড়া ওয়ান সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজের আলহাজ্বা ব্যবস্থাপনা পরিচালক নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডারসের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম ও এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বিজয়ী হয়েছেন।