২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসির সম্মাননা পেলেন ৯ সাংবাদিক

“এ সম্মাননার লক্ষ্য শুধু পুরস্কৃত করা নয়, বরং গবেষণাভিত্তিক ও নৈতিক সাংবাদিকতায় উৎসাহ দেওয়া,” বলেন বিএসইসি চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 12:12 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

পুঁজিবাজার নিয়ে কাজ করা ৯ সাংবাদিক পেলেন ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’।

বৃহস্পতিবার বিকালে ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা তুলে দেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা— বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি বলেন, ‘‘এ উদ্যোগের লক্ষ্য শুধু পুরস্কৃত করা নয়, বরং দায়িত্বশীল, গবেষণাভিত্তিক, নৈতিক ও প্রভাবশালী সাংবাদিকতাকে স্থায়ীভাবে উৎসাহিত করা।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী। 

জুরিবোর্ড সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের বিদায়ী সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম ও রিজভী আহমেদ।

সম্মাননা পেলেন যারা

পত্রিকা, ইলেক্ট্রনিক ও অনলাইন শ্রেণির প্রতিটিতে একজন মূল বিজয়ীর পাশাপাশি দুজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

পত্রিকা শ্রেণিতে সম্মাননা পাওয়া তিনজন হলেন ডেইলি স্টারের আহসান হাবিব, ইত্তেফাকের এম এ জলিল মুন্না ও সমকালের আনোয়ার ইব্রাহিম।

ইলেক্ট্রনিক মিডিয়ায় সম্মাননা পেয়েছেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম, এখন টেলিভিশনের আতাউর রহমান ও যমুনা টেলিভিশনের আলমগীর হোসেন। 

অনলাইন মিডিয়ায় সম্মাননা পেয়েছেন রাইজংবিডি ডটকমের এসএম নুরুজ্জামান তানিম, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের আবু সাঈদ ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের এসএমএ কালাম।