০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পতনের বাজারে সূচকে উল্লম্ফন

সূচক অনেক বাড়লেও ডিএসইএক্স এখনও সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 06:59 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

পতনের ধারায় থাকা দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে বড় উল্লম্ফন হয়েছে।

মঙ্গলবার একদিনেই এ এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, আগের দিন সোমবার সূচক কমে ৩৯ দশমিক ৫৫ পয়েন্ট। এর আগের দিন রোববার বড় পতনে সূচক কমেছিল ৯৬ দশমিক ৬১ পয়েন্ট।

মঙ্গলবার সূচকে উল্লম্ফন দেখা দিলেও তা এখনও সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭২ দশমিক ৪৬ পয়েন্ট। এদিন শেয়ার হাতবদল হয়েছে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার। আগের যা ছিল ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা।

সূচক ও লেনদেন বাড়ার দিনে অধিকাংশ শেয়ারের দরও বাড়তে দেখা গেছে। লেনদেন হওয়া মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৩৩৬টির, কমে যায় ২১টির ও আগের দরে হাতবদল হয় ৩৭টির।

এদিন সকাল থেকে সবুজ ছিল সূচক যা দিনের শেষ সময় পর্যন্ত বজায় থাকে। মাঝে তিনবার সংশোধনে গেলেও বড় উল্লম্ফনে দিন শেষ হয়েছে।

মঙ্গলবার আগের দিনের মত লেনদেনে সর্বোচ্চ অবদান রাখে বস্ত্র, বীমা ও ব্যাংক খাতের শেয়ার।

দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে সর্বোচ্চ শেয়ার দর বেড়েছে আল-হাজ্ব টেক্সটাইলস, ওরিয়ন ইনফিউশন ও শমরিতা হসপিটাল লিমিটেডের।

অপরদিকে ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে চলে আসে আল আরাফাহ ইসলামী ব্যাংক, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।