ডিএসইতে বাজার মূলধন কমল ৫ হাজার কোটি টাকা
দিন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ১১ হাজার ৫৯০ কোটি টাকায়, যা আগের দিন ছিল ৭ লাখ ১৬ হাজার ৫৭৯ কোটি টাকা।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন আগের দিনের চেয়ে ৪ হাজার ৯৮৮ কোটি টাকা কমে গেছে।
মঙ্গলবার দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ১১ হাজার ৫৯০ কোটি টাকা, যা আগের দিন ছিল ৭ লাখ ১৬ হাজার ৫৭৯ কোটি টাকা। আগের চার দিনে অবশ্য মূলধন বেড়েছিল ৭ হাজার ৭০৫ কোটি টাকা।
এদিন ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোয় প্রায় ২০০ কোটি টাকার টাকার শেয়ার হাতবদল হওয়ায় সার্বিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
সকালে লেনদেন শুরু হয় ঊর্ধমুখী প্রবণতায়। কিন্তু ঘণ্টা খানেক পরেই সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪০৬। এরপর আবার শেয়ার কেনার চাপ বাড়লে সূচক বাড়তে থাকে। কিন্তু সেই প্রবণতা শেষ পর্যন্ত থাকেনি। ফলে আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট হারিয়ে সূচক হয় ৫ হাজার ৪১০।
এদিন মোট শেয়ার হাতবদল হয় এক হাজার ৩৭ কোটি টাকার। আগের দিন হয় ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার।
এর আগে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয় গত ৩ অগাস্ট, সেদিন এক হাজার ১৩৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ার দর বৃদ্ধির শীর্ষে তিন কোম্পানি ছিল মেঘনা সিমেন্ট, বিচ হ্যাচারি ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
অন্যদিকে সবচেয়ে বেশি দর হারায় এক্সিম ব্যাংক, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড -১ ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।
