ডিএসইর আইটি অবকাঠামো উন্নয়নের তাগিদ বিএসইসি চেয়ারম্যানের
লেনদেনে বহুমাত্রিক জটিলতার কথা তুলে ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য প্রযুক্তি অবকাঠামো দ্রুত উন্নয়নের তাগিদ দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।
মঙ্গলবার ডিএসইতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানান তিনি।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “আমি ঢাকা স্টক এক্সচেঞ্জকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের কাছে আমাদের যে আইটি ইন্সপেকশন রিপোর্টটা গেছে, সেটার উপর ভিত্তি করে আপনারা অবিলম্বে আপনাদের আইটির যে সামর্থ এবং সেবা দেওয়ার ক্ষমতা বাড়ান।
“আইটির কারণেই আজকে কিন্তু আমাদের মাঝে মাঝেই লেনদেনে সমস্যা হচ্ছে। আমাদের অনেক কিছু ঠিকভাবে করা যাচ্ছে না। ওয়েসবসাইট মাঝে মাঝে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে অনেক জায়গা থেকে ওএমএসএর সেবাগুলো পাওয়া যাচ্ছে না। আপনাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে এপিআইটা খুলে দেওয়ার কথা ছিল। সেটা এখনো খুলে দেওয়া হয়নি।”
এ সময় আগামী বছরের শেষ দিকের মধ্যে আইটি উন্নয়নের সব কাজ শেষ করতে হবে বলে বিএসইসি চেয়ারম্যান জানান।
শিবলী বলেন, ডিএসই এসএমই বোর্ডকেও অনলাইন লেনদেনের আওতায় আনতে হবে। সরকারের যতটি বিল বা বন্ড আছে সেগুলোকে অনলাইন ডিএসইর লেনদেনের আওতায় আনতে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসূর রহমান বলেন, “আমরা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদনের উপরে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আগামী কালকে মিটিং ডেকেছি।”
আলোচনার মূল বিষয় ছিল কীভাবে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ভাল সেবা দেওয়া যায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী।
অন্যদের মধ্যে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক ও পরিচালক রকিবুর রহমান বক্তব্য দেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) সদস্য হিসেবে ২০১৭ সাল থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে আসছে বিএসইসি।
এবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালিত হবে ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। আইওএসসিওর সদস্যভুক্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে থাকে।
