২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের কাজ পেয়েছে জেনেক্স ইনফোসিস

পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস ব্যবসায়িক চুক্তি করেছে সোনালী ব্যাংকের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2020, 10:50 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এই চুক্তির ফলে প্রতিবছর ৩ কোটি থেকে ৫ কোটি টাকা বাড়তি আয়ের আশা করছে জেনেক্স ইনফোসিস।

জেনেক্স ইনফোসিস সোনালী ব্যাংকের জন্য অনলাইনে স্কুলের বেতন নেওয়ার একটি সেবা তৈরি করে দেবে।

জেনেক্স ইনফোসিসের শেয়ার বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ৬৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল। এই খবরে শেয়ারের দাম বেড়েছে। আগের দিন শেয়ারটি ৬২ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে জেনেক্স ইনফোসিস। লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৯ অর্থবছরে এ কোম্পানি মুনাফা করেছে ১৯ কোটি ৫৬ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে ১৫টি নতুন শেয়ার।

পুঁজিবাজারে এ কোম্পানির ৯ কোটি ৩৮ লাখ ৪০ হাজার শেয়ার আছে।

এর মধ্যে ৩৪ দশমিক ৯৯ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৮ দশমিক ২২ শতাংশ, বিদেশিদের হাতে শূন্য দশমিক ৩৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ৪৪ শতাংশ শেয়ার আছে।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের বর্তমান বাজার মূলধন ৫৮৪ কোটি ৬২ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৮৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৪২ কোটি ৪১ লাখ টাকা।