স্কয়ার টেক্সটাইলসের ইপিএস কমেছে
চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।
২০১৯-২০ অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে বস্ত্র খাতের কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬৩ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত কোম্পানিটিরর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
তবে ইপিএস কমার ঘোষণায় মঙ্গলবার বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত শেয়ারের দামে কোনো প্রভাব পড়েনি। সোমবারের সমাপনী দর ২৯ টাকায় অপরিবর্তি ছিল।
অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) স্কয়ার টেক্সটাইলসের ইপিএস হয়েছে একটাকা ১৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৮০ পয়সা।
নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৩ টাকা ২২ পয়সা; শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ২০ পয়সা।
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় স্কয়ার টেক্সটাইলস। কোম্পানির ৬১ দশমিক ৮৩ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের হাতে, ২১ দশমিক ৩৯ শতাংশ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে, ৩ দশমিক ৩৩ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে এবং ১৩ দশমিক ৪৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে।
