২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ফের দরপতনের ধারায় বাংলাদেশের পুঁজিবাজার। সোমবারের পর মঙ্গলবারও বড় দরপতন হয়েছে দুই বাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 04:44 PM

Updated : 10 Oct 2022, 09:07 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার  প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)  প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৬৪ পয়েন্ট।

শতকরা হিসাবে দুই বাজারেই সূচক কমেছে ১ শতাংশের মতো।

আগের দিন সোমবার ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমেছিল। সিএএসপিআই কমেছিল ১০৯ পয়েন্ট।

মূল্য সংশোধন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

অব্যাহত দরপতনের পর গত সপ্তাহের চতুর্থ দিন বুধবার থেকে বাজার ঘুরে দাঁড়ায়। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)  প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ দশমিক ১৫ পয়েন্ট বাড়ে।

আগের দুই কর্মদিবসেও সূচক বাড়ে দুই বাজারে। ঐ তিন কর্মদিবসে ডিএসইএক্স ২১৯ পয়েন্ট বেড়েছিল।

কিন্তু সোমবার ও মঙ্গলভার সেই সূচক ১০৫ পয়েন্ট পড়ে গেছে।

সোমবারের বাজার বিশ্লেষণ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা প্রফিট টেকিং (মূল্য সংশোধন)।  টানা দরবৃদ্ধির পর কিছুটা মুনাফা তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা।

“সে কারণে বিক্রির চাপ বাড়ায় সূচক কমেছে।”

কিন্তু মঙ্গলবারের পতনে হতাশা প্রকাশ করেছেন ছোট বিনিয়োগকারীরা।

আব্দুর রশীদ নামের এক বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ইতিবাচক বক্তব্য এবং বিএসইসির কিছু পদক্ষেপের কারণে বাজারে আস্থা ফিরে এসেছিল। কিন্তু পর পর দুই দিন দরপতনে আমরা আবার উদ্বিগ্ন হয়ে পড়েছি। 

বাজার পরিস্থিতি

মঙ্গলবার  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯০ পয়েন্টে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৩১ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৪৩৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৬২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইর অন্য দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ দশমিক ৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।