২০১৮ সালে গ্রামীণফোনের ২৮০% লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভূক্ত মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৮ সালে শেয়ারহোল্ডাররদের জন্য শেয়ারপ্রতি মোট ২৮ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে।
শতাংশ হিসেবে এই লভ্যাংশের পরিমাণ হচ্ছে ২৮০ শতাংশ।
বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে শেয়ার প্রতি ১২ টাকা ৫০ পয়সা ঘোষণা করা হয়েছিল আগেই।
সোমবার তার সঙ্গে আরও ১৫ টাকা ৫০ পয়সা যোগ করে ২০১৮ সালে মোট ২৮ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
ঘোষিত রেকর্ড ডেট অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যার কাছে গ্রামীণফোনের একটি শেয়ার থাকবে তিনি ১৫ টাকা ৫০ পয়সা পাবেন।
এর আগে ১৬ জুলাই অন্তর্বর্তীকালীন যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল তার রেকর্ড ডেট ছিল ৫ অগাস্ট। সে পর্যন্ত যার কাছে একটি জিপির শেয়ার ছিল তিনি ইতোমধ্যেই ১২ টাকা ৫০ পয়সা পেয়েছেন।
সবমিলিয়ে ২০১৮ সালে জিপি ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ২৮ টাকা) দেওয়ার ঘোষণা দিয়েছে।
রোববার পরিচালনা পর্ষদ সভায় এ সুপারিশ করা হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কার্ল এরিক ব্রোতেন।
সোমবার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউসে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
কার্ল এরিক ব্রোতেন বলেন, বোর্ড সভায় ২০১৮ সালে প্রতি শেয়ারের বিপরীতে ২৮ টাকা লভ্যাংশ সুপারিশ করা হয়। এর ফলে ২০১৮ সালের মোট নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের ১৫৫ শতাংশ, যা ২০১৮ সালের কর-পরবর্তী মুনাফার ১০৮ শতাংশ। (এর মধ্যে রয়েছে ১২৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ)।
“রেকর্ড তারিখ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যারা শেয়ারহোল্ডার থাকবেন তারা এই লভ্যাংশ পাবেন। যা ২৩ এপ্রিল অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভার দিন শেয়ারহোল্ডারদের অনুমোদনের ওপর নির্ভরশীল।”
“গ্রামীণফোন দক্ষতা এবং শক্তিশালী মুনাফা প্রবৃদ্ধির মাধ্যমে আরেকটি বছর শেষ করেছে। এটা সম্ভব হয়েছে গ্রাহক এবং তাঁদের সেবা ব্যবহার বৃদ্ধির কারণে। ২০১৮ সালে আমরা সেবার মূল্য নির্ধারণ বিশেষ করে ইন্টারনেটের দাম ও ভয়েস ট্যারিফ নির্ধারণে বেশ প্রতিযোগিতার সম্মুখীন হয়েছিলাম।”
তিনি জানান, গ্রামীণফোন ২০১৮ সালে ১৩ হাজার ২৮০ কোটি টাকা আয় করেছে। যা আগের বছরের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ বেশি। ২০১৮ সালে ইন্টারনেট থেকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ২১ শতাংশ এবং ভয়েস থেকে বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।
