২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বারাকা পাওয়ারের শেয়ার ছাড়ার আবেদন নাকচ

পুঁজিবাজারে প্রেফারেন্স শেয়ার ছেড়ে অর্থ উত্তোলনে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ারের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 02:44 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণ সংক্রান্ত নীতিমালা সঠিকভাবে পরিপালন না করায় বারাকা পাওয়ারের পুঁজিবাজারে অর্থ উত্তোলনের আবেদন নাকচ করা হয়েছে।

এর আগে ২০১৭ সালের ৩০ অক্টোবর কোম্পানিটির পর্ষদ সভায় ১০ টাকা দরে ৮ কোটি প্রেফারেন্স শেয়ার ছেড়ে বাজার থেকে ৮০ কোটি টাকা তোলার সিদ্ধান্ত হয়েছিল।

প্রেফারেন্স শেয়ার সাধারণ শেয়ারের মতো নয়, এর সঙ্গে ঋণপত্রের কিছুটা মিল আছে। এই ধরনের শেয়ারহোল্ডারদের কোনো ভোটাধিকার থাকে না; তাদেরকে প্রতিবছর সমহারে লভ্যাংশ দিতে হয় এবং লভ্যাংশের হার আগেই নির্ধারণ করা থাকে।

৩০ শতাংশ শেয়ারধারণ সংক্রান্ত নীতিমালায় বলা আছে, কোনো কোম্পানি নীতিমালা ভঙ্গ করলে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে মূলধন বাড়াতে পারবে না।

নিয়ম অনুযায়ী, কোম্পানির পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণ করতে হবে। তা না হলে তারা পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে মূলধন বাড়াতে পারবে না।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বারাকা পাওয়ারের পরিচালকরা কোম্পানির প্রায় ১৮ দশমিক ৯৩ শতাংশ শেয়ার ধারণ করে আছে।

২০১১ সালে বারাকা পাওয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।