২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতনের তীব্রতা কমলেও সূচক নেতিবাচক

মুদ্রানীতি ঘোষণা, ঋণ-আমানত অনুপাত (এডিআর) হ্রাস ও খালেদা জিয়ার দুর্নীতি মামলার ঘোষণাসহ সপ্তাহজুড়ে অস্থির সময়ে সূচকের উত্থান-পতনের ভেতর দিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 05:21 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

সপ্তাহ শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৬ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ কমে ৫৯৬৫ পয়েন্টে শেষ হয়েছে।

এনিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মত দরপতনের ধারায় থাকলো ডিএসই সূচক। তবে চলতি সপ্তাহে পতনের তীব্রতা আগের সপ্তাহের তুলনায় কমে এসেছে। গত সপ্তাহে তিন শতাংশের বেশি বা ১৯৪ পয়েন্ট কমে সূচক দাঁড়িয়েছিল ৬২১৫ পয়েন্টে।

তিন বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দিয়ে চলতি সপ্তাহের প্রথম দিন শুরু হয় ডিএসইতে। বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ডিএসইএক্স ১৩৩ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এর আগে ২০১৫ সালের ২৬ এপ্রিল ডিএসইএক্সের সর্বোচ্চ পতন হয়। সেদিন এই সূচক ২ দশমিক ৩৩ শতাংশ কমে ৪ হাজার ৯৪ পয়েন্টে নামে।

পরের দিনের দরপতনে সূচক আরো ১৮ পয়েন্ট কমে ছয় মাস আগের অবস্থানে চলে যায়।

দরপতনের জন্য অনেকে তারল্য সংকট ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার কথা বললেও কেউ কেউ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিস্ক্রিয়তার কথাও তুলেছেন।

এর মধ্যেই সপ্তাহের মাঝামাঝিতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও শীর্ষ ব্রোকারদের বৈঠক হয়। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমর্থনে বাজার একটু ঘুরে দাঁড়ায়।

মঙ্গলবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড করে।

দরপতনের ধারায় বাজারের মূল্য অনুপাত আয় ও দৈনিক গড় লেনদেনও কমে যায়। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। 

চলতি সপ্তাহে ডিএসইতে দৈনিক ৩৬৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের থেকে সাড়ে সাত শতাংশ কম।

বাজারের চলমান (ট্রেইলিং)মূল্য-অনুপাত আয় (পিই রেশিও) ১ দশমিক ৩৮ শতাংশ কমে হয়েছে ১৭ দশমিক ২৯।

তবে বেড়েছে আরএসআই (রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স)। আরএসআই ১০ শতাংশের বেশি বেড়ে হয়েছে ৩৮ দশমিক ২৮।

লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম কমেছে ২২৪টির, বেড়েছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর।

তবে দরপতনের বাজারেও দুর্বল মৌলভিত্তি ও জেড ক্যাটাগরিরর শেয়ারের দুরবৃদ্ধির দৌরাত্ম ছিল। দরবৃদ্ধির শীর্ষে থাকা দুলামিয়া কটন বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, সোনারগাঁ ২১ শতাংশ, উসমানিয়া গ্লাস ১৬ শতাংশ, বঙ্গজ প্রায় ১৫ শতাংশ এবং মডর্ন ডায়িং প্রায় ১৩ শতাংশ বেড়েছে।

দর হারানো শীর্ষে রয়েছে বিদ্যুৎ খাতের জিবিবি পাওয়ার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে দর কমেছে ১২ শতাংশ। এরপরেই রয়েছে ওয়াইমেক্স সাড়ে ১১ শতাংশ, বিবিএস কেবলস প্রায় ১১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও নাহি অ্যালুমিনিয়াম প্রায় ৯ শতাংশ।

চলতি সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স। এরপরেই রয়েছে বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন ও মুন্নু সিরামিকের শেয়ার।

সপ্তাহ জুড়ে লেনদেনে শীর্ষস্থান দখল করে রেখেছে ব্যাংক খাত। বাজারের মোট লেনদেনের ২০ শতাংশ হয়েছে এ খাতে। ১৬ শতাংশ লেনদেন হয়েছে ঔষধ ও রসায়ন খাতে এবং ১২ শতাংশ হয়েছে প্রকৌশল খাতে।