২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারী টানতে বাজারে চাই ভাল কোম্পানি: ড. মসিউর 

সব শ্রেণীর বিনিয়োগ টানতে পুঁজিবাজারে ভাল কোম্পানির শেয়ার আনার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 01:53 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের তৃতীয় দিন বুধবার ‘বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মসিউর রহমান বলেন,  “সব ধরনের বিনিয়োগকারী, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পুঁজিবাজারে বহুজাতিক, সরকারি মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি- যেগুলোর লোকসানের সম্ভাবনা খুবই কম বা একেবারে নাই বললেই চলে- বাজারে তালিকাভুক্ত করতে হবে। এছাড়া বাজারের গভীরতা বাড়াতে বন্ড আনতে হবে।”

Image
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান। ফাইল ছবি

অর্থনৈতিক উপদেষ্টা বলেন, দেশের সম্পদশালীরা ঝুঁকি নিতে পারেন। কিন্তু নিম্নধ্যবিত্তরা সঞ্চয়পত্র ও ব্যাংকে আমানত করে থাকেন। তারা বিনিয়োগে কম আসেন ঝুঁকির কারণে।

“তাদের বাজারে আনতে হলে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি বাজারে আনতে হবে।”

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. খায়রুল হোসেন স্বাগত বক্তব্য দেন।

তিনি বলেন, “বিনিয়োগ শিক্ষার বিষয়টিকে মাধ্যমিক পর্যায় থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ভারতে এখন বিনিয়োগ শিক্ষা বিষয়টি মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্ত আছে।”

২ অক্টোবর থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ শুরু হয়েছে, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। বিশ্বের ৮২টি দেশের সিকিউরিটিজ একচেঞ্জের সঙ্গে বাংলাদেশও প্রথমবারের মতো এই সপ্তাহ পালন করছে ।