২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচকে উর্ধ্বগতি

ঈদের ছুটির পর প্রথম লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 05:53 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্টের বেশি বেড়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১২৫ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৮৫ কোটি ৪৭ লাখ টাকা কম।

আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয় ৮৫২ কোটি ৮৪ লাখ টাকা। 

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৩৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ৬৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩০ দশমিক ৫৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫ টির। কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

এর আগে ৩১ অগাস্ট শেষ লেনদেন হয় দুই পুঁজিবাজারে।