ছয় হাজার ছাড়িয়েছে ডিএসই সূচক
ঈদের আগে চাঙ্গা পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক-ডিএসইএক্স ছয় হাজার পয়েন্টের মাইলফলকে পৌঁছেছে।
সাধারণ সূচক বদলে ২০১৩ সালে ডিএসইএক্স চালু হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম তা ছয় হাজার ছাড়াল।
ঈদের আগে শেষ কর্মদিবসে ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৬০০৬ পয়েন্ট হয়েছে। এদিন লেনদেন হয়েছে ৮৫২ কোটি টাকার শেয়ার।
২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪০৫৫ পয়েন্ট নিয়ে ডিএসইএক্স সূচকের সূচনা হয়। ওই বছর ৩০ এপ্রিল এ সূচক সর্বনিম্ন ৩৪৩৮ পয়েন্টে নেমে আসে।
তার আগে ঢাকার বাজারের পুরনো সূচক সর্বশেষ ছয় হাজারের ওপরে ছিল ২০১১ সালে ১৯ সেপ্টেম্বর। তখন প্রধান সূচকের নাম ছিল ডিজিইএন।
২০১০ সালের ৫ ডিসেম্বর তখনকার ডিজিইএন সূচক ৮৯১৮ পয়েন্টে ওঠে। ওইদিন বাজারে ৩২৪৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছিল।
এরপরই শুরু হয় বাজারের পতন। ২০১২ সালে ৬ ফেব্রুয়ারি ডিজিইএন ৩৬১৬ পয়েন্টে নেমে আসে।
বাজার সংস্কারে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয় এরপর।
২০১৬ সালের শেষ দিক থেকে পুঁজিবাজারের সূচক আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে। মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় চলতি বছরের আট মাসে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসসিএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪২ পয়েন্টে পৌঁছেছে। লেনদেন হয়েছে ৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
