চাঙ্গাভাবে পুঁজিবাজার
বেশ কয়েকদিন দরপতনের হলেও বাজেট প্রস্তাবের পর টানা তিন দিন পুঁজিবাজার চাঙ্গাভাবে রয়েছে।
মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন বেড়েছে; তার সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্টের বেশি বেড়েছে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৬৫ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ৪৩ কোটি ৪২ লাখ টাকা বেশি।
ডিএসইতে মঙ্গলবার লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ারের দর।
এদিন সিএসইতে ১১২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। সোমবার এই বাজারে ৪১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫ দশমিক ৩২ পয়েন্টে।
এই বাজারে লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।
