২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের দিনে চাঙ্গা পুঁজিবাজার

পুঁজিবাজারের জন্য নতুন কোনো সুখবর না থাকলেও নতুন বাজেট প্রস্তাবের দিনে দেশের দুই স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাবে লেনদেন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 03:57 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

আগের দিনের ধারাবাহিকতা বজায় রেখে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজারে তালিকাভুক্ত অর্ধেকের বেশি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

বাজেট সামেনে রেখে ৮০ শতাংশের পরিবর্তে শতভাগ কর অবকাশ সুবিধা আরও তিন বছর বাড়ানো ও বিনিয়োগকারীদের জন্য ২৫ হাজার টাকার পরিবর্তে ১ লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা নির্ধারণের দাবি ছিল সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে এসব দাবি নিয়ে কিছু নেই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫২৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বুধবারের চেয়ে ১৯ কোটি ৮৪ লাখ টাকা বেশি।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ১৭৩ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৩৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।