২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার ক্রাইম সচেতনতা বাড়ানোর তাগিদ বিএসইসি চেয়ারম্যানের 

দেশে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 08:23 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

তিনি বলেন, “ইন্টারনেট ও ওয়েবে যুক্ত হলে ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। তাই নিরবচ্ছিন্ন ব্যবসা করার জন্য সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বাড়ানো দরকার।”

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ‘সাইবার সিকিউরিটি-এ বিজনেস ইমপারেটিভ’ শীর্ষক সেমিনারে বিএসইসি চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, “আমেরিকার মতো দেশেও প্রতি চারজনে একজন সাইবার ক্রাইমে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাইবার ক্রাইম জ্যামিতিক হারে বাড়ছে।

“যে ক্রাইমের কোনো বর্ডার বা সীমা নাই। পৃথিবীর যেকোনো জায়গা থেকে এই অপরাধ করা যায়। কিন্তু কে বা কারা করছে তা জানা যায় না। অনেক সময় তা ধরাও যায় না।”

সেমিনারটির আয়োজক ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি অ্যাসোসিয়েশন (আইএসএসএ)। এতে সাইবার নিরাপত্তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট মারুফ আহমেদ।

পৃথিবীতে প্রতি বছর সাইবার ক্রাইমের কারণে প্রায় ৪৫৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয় জানিয়ে মারুফ আহমেদ বলেন, ২০১৩ সালে পৃথিবীর জিডিপি ছিল ৭৫.৫৯ ট্রিলিয়ন ডলার।আর সাইবার ক্রাইমে যদি ক্ষতি হয় দশমিক ৪৫৫ ট্রিলিয়ন ডলার, তবে তা পৃথিবীর মোট জিডিপির প্রায় দশমিক ৬ শতাংশ।    

বিএসইসির কমিশনার, নির্বাহী পরিচালক, স্টক এক্সচেঞ্জ ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।