২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধাক্কা সামলে ‘সঠিক পথে’ পুঁজিবাজার

টানা সপ্তম দিনের মত সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, যাকে শেয়ার বাজারে গতি ফেরার লক্ষণ হিসেবে দেখছেন একজন বিশ্লেষক। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 04:18 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৯ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১৭ হাজার ৩৪২ পয়েন্ট।

নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব‌্যাংকের পক্ষ থেকে পুঁজিবাজার নিয়ে সতর্কতামূলক বক্তব‌্য আসার পর বেশ কয়েক দিন বড় দরপতন হয়। নয় কার্যদিবসে ৩৮৬ পয়েন্ট হারায় ডিইসি সূচক।

সেই ধাক্কা সামলে গত ৬ ফেব্রুয়ারি থেকে সূচক আবার উঠতে শুরু করে। এরপর গত সাত কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ২৭৬ পয়েন্ট এগিয়েছে।

ব্রোকারেজ হাউজ ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজার এখন সঠিক রাস্তায় আছে, আমরা বলব, গতি ফিরে পাওয়ার আগের মুহূর্তে আছে। এখন কিন্তু পুঁজিবাজারে ভাল ভাল শেয়ার লেনদেন হচ্ছে।”

মঙ্গলবার ডিএসইত ১ হাজার ১৭৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৩ শতাংশ বেশি।

লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৯১ টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

আর সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১.৩৫ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা এমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে অনেকগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের ঘোষণা আসার কথা। আজ একটি আর্থিক প্রতিষ্ঠান ভাল লভ্যাংশ দিয়েছে, সেটা বিনিয়োগকারীদের আশা দেখাচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর সূচকও এখন বাড়ছে, এটা বাজারের জন্য ভালো দিক।”