তেজিভাবেই সপ্তাহ শুরু পুঁজিবাজারে
গত সপ্তাহে টানা তিন দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক বাড়ার পর সপ্তাহের শুরুর দিনেও ঊর্ধ্বগতিতেই দুই স্টক এক্সচেঞ্জ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে।
বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মুহূর্তে কোনো সংকট দেখছি না। পুঁজিবাজারের জন্য প্রায় সবকিছুই ইতিবাচক।
“আর্থিক খাতে একটি দুর্বলতা আছে। তবে বাদ বাকি সবগুলো সূচক খুবই ভাল।”
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৮৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই রোববার ১১৫ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৭ হাজার ১৬০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ১১ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৭০টির ও অপরিবর্তিত রয়েছে ১৯ টির।
