নতুন আইপিও ছাড়ছে নূরানি ডাইং
শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ছে নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার।
বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় আইপিওর অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৪০ কোটি টাকার পরিশোধিত মূলধনের নূরানি ডাইং আইপিও ছেড়ে শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৪ কোটি ৩০ লাখ শেয়ার ছাড়বে কোম্পানিটি।
শেয়ারবাজার থেকে তোলা টাকা দিয়ে মেশিনারি ও ইক্যুইপমেন্ট ক্রয়, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যবহার করা হবে। এক্ষেত্রে আইপিওর টাকা সংগ্রহের ২১ মাসের মধ্যে এসব কাজ সম্পন্ন করা হবে।
কোম্পানির সব ব্যয় শেষে ৫ কোটি ৬৫ লাখ টাকা মুনাফা হয়েছে, যা শেয়ারপ্রতি আয় (ইপিএস) হিসাবে ১ টাকা ৪৮ পয়সা।
৩১ মার্চ কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকায়। তবে ১৫ মাসের ব্যবসায় (এপ্রিল ২০১৫-জুন ২০১৬) ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। ২০১৬ সালের ৩০ জুন এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৭ পয়সায়।
নূরানি ডাইং ২০০৯ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টমেন্ট ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।
