২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণাত্মক মূলধনী অ্যাকাউন্টে লেনদেন আরও ৬ মাস

পুঁজিবাজারে ঋণাত্মক মূলধনধারী অ্যাকাউন্ট থেকে আরও ছয় মাস শেয়ার কেনা-বেচা করতে পারবেন বিনিয়োগকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 06:44 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

এজন্য সংশ্লিষ্ট বিধিমালার একটি ধারার স্থগিতাদেশের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।     

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিএসইসির নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএসইসি মার্জিন রুলস, ১৯৯৯ এর ৩(৫) ধারা অনুসারে, ঋণাত্মক মূলধনধারী হিসাবে গ্রাহক নিজে শেয়ার কেনা-বেচা করতে পারেন না। কেবল ঋণদাতা প্রতিষ্ঠান এই ধরনের হিসাব থেকে শেয়ার বিক্রি করে তার ঋণ সমন্বয় করে নিতে পারে।

২০১০ সালের ধসের পর বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিএসইসি আলোচিত আইনের সংশ্লিষ্ট ধারাটির কার্যকারিতা কয়েক দফা স্থগিত করে। সর্বশেষ স্থগিতাদেশের মেয়াদ গত ৩১ জানুয়ারি শেষ হয়ে গেছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়শনের (ডিবিএ) অনুরোধে ডিএসই রোববার বিএসইসির কাছে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তাবটি পাঠিয়েছিল।

২০১০ সালের পর থেকে টানা দরপতনে অসংখ্য মার্জিন অ্যাকাউন্টে বিনিয়োগকারীর মূলধন ঋণাত্মক হয়ে পড়ে। ওই সব অ্যাকাউন্টে থাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম এমন জায়গায় নেমে এসেছে যে, বিনিয়োগকারীর নিজস্ব মূলধন বলতে কিছু নেই। উল্টো গ্রাহকের কাছে টাকা পাবে ঋণদাতা প্রতিষ্ঠান। আইন অনুসারে এমন অ্যাকাউন্ট থেকে লেনদেন নিষিদ্ধ।

মার্জিন রুলসের ৩(৫) ধারায় বলা আছে, কোনো বিনিয়োগকারীর ডেবিট ব্যালেন্স ১৫০ শতাংশের নিচে নেমে গেলে ঋণদাতা প্রতিষ্ঠান তার কাছে নতুন করে মার্জিন চাইবে। এই মার্জিনের পরিমাণ এমন হবে যাতে তার ডেবিট ব্যালেন্স ১৫০ শতাংশের উপরে থাকে। নোটিশ দেওয়ার তিন কার্যদিবসের মধ্যে পর্যাপ্ত মার্জিন জমা দেওয়া না হলে সংশ্লিষ্ট গ্রাহককে নতুন কোনো লেনদেনের অনুমতি দিতে পারবে না ঋণদাতা প্রতিষ্ঠান।