পুঁজিবাজারে মূল্য সংশোধন
টানা কয়েক দিন বাড়ার পর বাংলাদেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।
সপ্তাহের চতুর্থ দিন বুধবার দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে।
দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৮০ পয়েন্ট।
এই দরপতনকে মূল্য সংশোধন (কারেকশন) বলছেন বাজার বিশ্লেষকরা।
ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা স্বাভাবিক… । অনেক দিন মার্কেট টানা বেড়েছে। কারেকশন (সংশোধন) হওয়াটাই স্বাভাবিক। এটাই মার্কেটের ধর্ম।”
তিনি বলেন, যাদের লাভ হয়েছে তারা মুনাফা নিয়ে (প্রফিট টেকিং) শেয়ার ছেড়ে দিয়েছেন। এতে আতংকিত হওয়ার কিছু নেই।
“এই কারেকশন না হলে মার্কেটে স্বাভাবিক অবস্থা থাকবে না। এখন মার্কেট দাঁড়িয়ে গেল।”
এ বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। আগের দিন ২ হাজার ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এদিন হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর।
সিএসইতে ৮৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন। মঙ্গলবার লেনদেন হয়েছিল ১১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮০ পয়েন্ট কমে হয়েছে ১৭ হাজার ৪২৭ পয়েন্ট।
এ বাজারে লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টির দাম।
