আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকদের শাস্তি কমিয়েছে বিএসইসি
বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলসের উদ্যোক্তা পরিচালকদের শাস্তি কমিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে হাই কোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছে আরএন স্পিনিং মিলস লিমিটেড।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
রাইট শেয়ার নিয়ে জালিয়াতির অভিযোগে আরএন স্পিনিংয়ের চেয়ারম্যানসহ পরিচালকদের জরিমানা করেছিল বিএসইসি।
এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আব্দুল কাদের ফারুকের জরিমানা ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২৫ লাখ করা হয়েছে।
কোম্পানির পরিচালক কিম জু সুকের জরিমানাও ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২৫ লাখ করা হয়েছে।
কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক শিরীন ফারুকের জরিমানা ২৫ লাখ টাকা থেকে কমিয়ে সাড়ে ১২ লাখ করা হয়েছে।
তবে কোম্পানি হিসেবে আরএন স্পিনিং মিলসের জরিমানা আগের মতো ১০ লাখ টাকাই বহাল রয়েছে।
এদিকে বিএসইসির নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আরএন স্পিনিং মিলস হাই কোর্টে দায়ের করা তাদের মামলা প্রত্যাহারের পর সোমবার তার সার্টিফায়েড কপি প্রকাশিত হয়।
মামলা প্রত্যাহারের প্রেক্ষাপটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিদ্যমান নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে আদালত।
