অলটেক্সের অস্বাভাবিক শেয়ার দর: ‘পেছনে নেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য’
বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো ‘মূল্য সংবেদনশীল তথ্য’ নেই।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসই কে এমনটাই জানিয়েছে।
‘মূল্য সংবেদনশীল তথ্য’ হলো কোনো কোম্পানি সম্পর্কিত এমন ধরনের তথ্য যা সেই কোম্পানির শেয়ার মূল্যকে প্রভাবিত করতে পারে। ‘মূল্য সংবেদনশীল তথ্য’র আরেকটি বৈশিষ্ট হচ্ছে সাধারণত এ ধরনের তথ্য সবার জন্য সাধারণ তথ্য হিসেবে প্রকাশ করে না ওই কোম্পানি।
গত ২১ ডিসেম্বর থেকে অলটেক্সের শেয়ার দর টানা বেড়ে চলেছে। ৪ জানুয়ারি ১৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে কোম্পানিটির প্রতিটি শেয়ার।
৯ দিনে প্রায় ৪৬ শতাংশ বেড়েছে শেয়ারটির দাম।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গত মঙ্গলবার তাদেরকে একটি নোটিশ পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত ‘মূল্য সংবেদনশীল তথ্য’ ছাড়াই শেয়ার দর বাড়ছে।
