২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর নোটিসের জবাব দিয়েছে দুই কোম্পানি

শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিসের জবাব দিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 03:50 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুটি বলছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বাড়ছে।

ডিএসইর ওয়েবসাইটে বুধবার দুই কোম্পানির জবাবের খবর জানানো হয়।

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর তিন মাসে প্রায় একশ শতাংশ বেড়েছে।

এ কোম্পানির শেয়ারের দাম গত ২২ অক্টোবর ছিল ২২ টাকা ৯০ পয়সা; এরপর তা বাড়তে বাড়তে ২০ ডিসেম্বর ৪৫ টাকা ১০ পয়সায় দাঁড়ায়।

অন্যদিকে একমাসে ৩২ শতাংশ দাম বেড়েছে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর।

শেয়ারটির দাম নভেম্বরের ২০ তারিখে ছিল ১৩ টাকা ৫০ পয়সা। ডিসেম্বরের ২০ তারিখে তা ১৮ টাকা ৪০ পয়সা হয়।

শেয়ারের দাম ‘অস্বাভাবিক বাড়ার’ কারণ জানতে চেয়ে মঙ্গলবার দুই কোম্পানিকে নোটিস পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।

কোনো শেয়ারের দর বৃদ্ধি অস্বাভাবিক বা অযৌক্তিক মনে হলে ডিএসই কর্তৃপক্ষ নোটিস পাঠিয়ে কারণ জানতে চাইতে পারে।