২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 12:49 AM

Updated : 12 Apr 2022, 03:32 AM

বৃহস্পতিবার এই পরিদর্শনের সময় প্রতিনিধি দলটি ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলে নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ডেস্ক ফর ওয়াশিংটন ডিসির ডেপুটি ডিরেক্টর ব্রেড স্টিলওয়েল, যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ডেভিড টুলোস ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট সৈয়দা শাহরজাদ রহমান উপস্থিত ছিলেন।

ডিএসইতে যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি দলকে স্বাগত জানান সংস্থাটির চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান মিয়া।

পরে ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক নিজামউদ্দিন আহমেদ এক উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের অতীত কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

বৈঠকে ব্রেড স্টিলওয়েল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবাক করার মতো, যেখানে পুঁজিবাজারের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, ওয়াশিংটন ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক বিদ্যমান। ওয়াশিংটন বাংলাদেশের মতো এমন উন্নয়নশীল দেশের সাথে স্থায়ী অংশীদারিত্ব স্থাপনে আগ্রহী। দ্বিপাক্ষিক বিনিয়োগেরও সমূহ সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পরবর্তী ১১টি উঠতি অর্থনীতি দেশের একটি হতে যাচ্ছে মন্তব্য করে ভবিষ্যতে এখানে বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিয়োগ প্রাধান্য পাবে বলে আশা প্রকাশ করেন ব্রেড স্টিলওয়েল।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন, ডিএসইতে বর্তমানে ১৩টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। ডিএসই বহুজাতিক আরও কোম্পানিকে তালিকাভুক্ত করার জন্য কাজ করছে।

বর্তমানে দেশের পুঁজিবাজার গতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ডিএসইর পরিচালক মো. রুহুল আমিন, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক এম কায়কোবাদ, মো. শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আবদুল মতিন পাটওয়ারী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. জিয়াউল করিম এবং মহাপরিচালক ও কোম্পানি সচিব শেখ মোহাম্মদউল্লাহ উপস্থিত ছিলেন।