২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাদক বিক্রেতার যাবজ্জীবন

মাদক বিক্রির অপরাধে বরিশালে এক তরুণকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 02:58 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

বরিশাল বিভাগীয় বিশেষ জজ দিলীপ কুমার ভৌমিক মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশ পাওয়া মো. পারভেজ ওরফে জামাই পারভেজ (২২) জেলার বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট গ্রামের সালাম মোল্লার ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ মামলার বরাত দিয়ে বলেন, ২০১২ সালের ১১ ডিসেম্বর চার বোতল ফেন্সিডিলসহ পারভেজকে বরিশাল নগরীর রূপাতলী গাউছিয়া থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী আরও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

“মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দিলীপ কুমার ভৌমিক পারভেজকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন দিয়েছেন।”

পারভেজ জামিন পাওয়ার পর আদালতে আর হাজির হননি বলে জানান বেঞ্চ সহকারী হারুন অর রশিদ।

তিনি রায়ের বরাত দিয়ে বলেন, আসামি গ্রেপ্তার হওয়ার দিন থেকে তার সাজা শুরু হবে।