ঈদে ‘বাড়তি’ ছুটি নেই পুঁজিবাজারে
কোরবানির ঈদে সরকারি ছুটির বাইরে এবার ‘বাড়তি’ কোনো ছুটি থাকছে না পুঁজিবাজারে।
সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে মোট পাঁচ দিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার।
এরমধ্যে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর ‘ঈদ’ ধরে ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিন দিন ঈদের সরকারি ছুটি। তার আগের দুই দিন ৯ ও ১০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
সে হিসাবে সব মিলিয়ে পাঁচ দিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে না।
সেক্ষেত্রে ঈদের পর ১৪ সেপ্টেম্বর বুধবার লেনদেন শুরু হবে দুই বাজারে।
তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ একদিন পিছিয়ে গেলে অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ঈদ হলে ১৪ সেপ্টেম্বরও সরকারি ছুটি থাকবে। সেক্ষেত্রে ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার লেনদেন শুরু হবে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) শফিকুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “ঈদে ডিএসইতে বাড়তি কোনো ছুটি থাকবে না। সরকারি ছুটি যে কয় দিন, সে কয়দিনই থাকবে।”
ঈদ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ডিএসইর দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
ঈদ উপলক্ষে সাধারণত প্রতিবারই সরকারি ছুটির বাইরেও দুই-একদিন বেশি ছুটি থাকে দুই পুঁজিবাজারে।
