২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ‘মার্কেট মেকার’ চালুর আইনের খসড়া চূড়ান্ত

পুঁজিবাজারে ভারসাম্য রক্ষাকারী ‘মার্কেট মেকার’ চালু করতে আইনের খসড়া চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার এক সভায় ‘বাজার সৃষ্টিকারী বিধিমালা, ২০১৬’ নামের এই আইনের খসড়া করা হয়েছে বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, জনমত জরিপের জন্য দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করা হবে। প্রাপ্ত জনমত পর্যালোচনার পর প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন করে চূড়ান্ত করা হবে আইনটি।

মার্কেট মেকার কে নিয়োগ দেবে, নিয়োগ প্রক্রিয়াটি কী হবে, বিশেষায়িত গ্রাহক যাতে এর সঙ্গে যুক্ত হতে পারে এবং মার্কেট ম্যাকারদেরকে যেন স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএল কিছু প্রণোদনা দিয়ে সক্রিয় রাখে এমন কিছু বিষয় নিয়ে এই আইনটি করা হচ্ছে।

মার্কেট মেকার হচ্ছে বাজারে ভারসাম্য রক্ষাকারী বিশেষায়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান। সাধারণত এ ধরনের প্রতিষ্ঠান নির্দিষ্ট এক বা একাধিক কোম্পানির শেয়ার নিয়ে কাজ করে।

তারা ওই শেয়ারের সর্বনিম্ন দর উল্লেখ করে জানায়, ওই দরে শেয়ারটি পাওয়া গেলে তারা সব শেয়ার কিনে নেবে। অন্যদিকে তাদের প্রত্যাশিত সর্বোচ্চ দরের উল্লেখ করে জানায়, শেয়ারটি ওই দরে পৌঁছালে তারা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি শুরু করবে।

এই ব্যবস্থার ফলে সাধারণ বিনিয়োগকারীরা এক ধরনের আস্থা পায়। তারা ধরে নেয়, মার্কেট মেকারের উল্লেখ করা দরের নীচে শেয়ারের দর নামবে না।

অন্যদিকে শেয়ারের দাম মার্কেট মেকারের উল্লেখ করা দরে পৌঁছালে তারা বিক্রি শুরু করবে, এমন ধারণার কারণে ওই দরের আগেই সাধারণ বিনিয়োগকারীদের অনেকে শেয়ার বিক্রি করে দেয়। ফলে শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়তে পারে না।