২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বেড়েছে ৬ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির মুনাফা প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বেড়েছে। এছাড়া কমেছে একটির। একই সময়ে আরেকটি কোম্পানির লোকসান কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 03:14 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মুনাফার এই চিত্র পাওয়া গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, যে ছয়টি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে সেগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লি:, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লি:, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লি:, ফার্স্ট ফাইন্যান্স লি: এবং ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লি:।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আগের বছরের একই সময়ের তুলনায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ইপিএস বেড়েছে প্রায় ৪২ শতাংশ।

এ সময়ে কোম্পানির ইপিএস ৩২ পয়সা বেড়ে ১ টাকা ০৯ পয়সা হয়েছে।

আগের বছরের একই সময়ের তুলনায় প্রভাতী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে প্রায় ৩২ শতাংশ। এর ইপিএস ২৩ পয়সা বেড়ে ৯৬ পয়সা হয়েছে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ২৭ শতাংশ।এর ইপিএস ৭ পয়সা বেড়ে হয়েছে ৩৩ পয়সা।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সোনার বাংলা ইন্স্যুরেন্স লি: এর ইপিএস বেড়েছে প্রায় ৫ শতাংশ।ইপিএস ৪ পয়সা বেড়ে ৯০ পয়সা হয়েছে।

আগের বছরের একই সময়ের তুলনায় ফার্স্ট ফাইন্যান্সের ইপিএস বেড়েছে প্রায় ২৩০ শতাংশ। এর ইপিএস ১ টাকা ৮ পয়সা বেড়ে ১ টাকা ৫৫ পয়সা হয়েছে।

আর ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশের ইপিএস বেড়েছে প্রায় ২১ শতাংশ, যা ১২ পয়সা বেড়ে ৬৯ পয়সা হয়েছে।

এদিকে একই সময়ে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান কমেছে।

জানুয়ারি-জুন সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির লোকসান কমেছে প্রায় ৪৭ শতাংশ। লোকসান ১৬ পয়সা কমে ১৮ পয়সা হয়েছে ।

এছাড়া চলতি পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা কমেছে।

২০১৬ সালের জানুয়ারি-জুন সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আগের বছরের একই সময়ের তুলনায় এর ইপিএস কমেছে প্রায় ৪০ শতাংশ।অর্থাৎ ইপিএস ৫৭ পয়সা কমে ৮৫ পয়সা হয়েছে।