২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে শেষ লেনদেনে সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

ঈদের ছুটির আগে শেষদিনের লেনদেনে ঢাকা ও চট্টগ্রামের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 07:38 PM

Updated : 11 Oct 2022, 08:26 PM

বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০৯ পয়েন্ট।

সাপ্তাহিক ছুটি, শবে কদর, ঈদের ছুটি- সবমিলিয়ে টানা নয় দিন (১ জুলাই থেকে ৯ জুলাই) পুঁজিবাজার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৭ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় ২০৯ কোটি কম।

বুধবার এ বাজারে ৫৮৬ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫০৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭০ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৪১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।  সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০২ দশমিক ৫৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।