ডিএসইর লেনদেনের ৩০% একমির
পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার প্রথম দিনেই লেনদেনের শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে হাতবদল হয়েছে ৪৭১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। সে হিসেবে মোট লেনদেনের প্রায় ৩০ শতাংশ একমি ল্যাবরেটরিজের।
শেয়ারটি ৮৫ টাকা ২০ পয়সা নিয়ে মঙ্গলবার বাজারে ঢুকে। ৩৪ টাকা ৫০ পয়সা বা ৪০ দশমিক ৪৯ শতাংশ দর বেড়ে সর্বশেষ ১১৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। লেনদেন শুরুর পর শেয়ারটির দর ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা পর্যন্ত ওঠা-নামা করে।
কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ টাকা।
পুঁজিবাজারে একমির মোট ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০ শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৫৭ দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩২ দশমিক ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ শতাংশ শেয়ার রয়েছে।
এদিকে সকালে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত এই কোম্পানিরর শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা দেওয়ার উপর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানির লেনদেনের প্রথম ৩০ দিনে এই ঋণ সুবিধা না দিতে একমির শেয়ার কিনতে ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স ও পোর্টফোলিও ম্যানেজারদের অনুরোধ জানানো হয়েছে।
‘একমিল্যাব’ ট্রেডিং কোড ও ১৮৪৯১ নম্বর কোম্পানি কোড নিয়ে ডিএসইতে লেনদেনে এসেছে একমি ল্যাবরেটরিজ; ‘একমিল্যাব’ স্ক্রিপ কোড ও ১৩০৩০ স্ক্রিপ আইডি রয়েছে সিএসইতে।
