২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুনঃঅর্থায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব

পুঁজিবাজার ধসে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে সরকারগঠিত বিশেষ পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ আরও একবছর বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 09:06 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

এই তহবিলের ঋণের সুদের হার এক শতাংশ কমিয়ে মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়াতে সরকারের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত মঙ্গলবার নেওয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন।

তহবিলটির তদারকির দায়িত্বে থাকা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করার বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।”

সুদহার কমানোর এই প্রস্তাব শুধু তহবিলের ছাড় না হওয়া অর্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানান সাইফুর।

“তবে সবকিছু নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর। মন্ত্রণালয় অনুমোদন দিলেই এটি কার্যকর হবে।”

ঋণ বিতরণ নিয়ে পুনঃঅর্থায়ন তহবিল তদারক কমিটির মঙ্গলবারের বৈঠকের কার্যবিবরণী অনুমোদিত হলেই অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে জানান বিএসইসির নির্বাহী কর্মকর্তা।

২০১৩ সালে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুনঃঅর্থায়ন তফসিল বা নতুন ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ আরোপ করে ৯০০ কোটি টাকার সহায়তা তহবিল গঠন করা হয়, যার মেয়াদ ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ধরা ছিল।