২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর দেওয়া তালিকাভুক্ত কোম্পানির জন্য একই অর্থবছর

ফিন্যান্সিয়াল অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বাদে আয়কর দেওয়া পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানিকে একই অর্থবছর (জুলাই-জুন) অনুসরণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 01:09 AM

Updated : 20 Aug 2022, 12:34 PM

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আলোচিত কোম্পানিগুলোর অধিকাংশ জানুয়ারি থেকে ডিসেম্বরকে নিজ নিজ অর্থবছর হিসেবে গণ্য করে। কিছু কোম্পানি জুলাই-জুনকে অর্থবছর হিসেবে অনুসরণ করে।

বিএসইসির সিদ্ধান্ত অনুসারে, তালিকাভুক্ত এসব কোম্পানিকে জুলাই-জুন সময়কে অর্থবছর হিসেবে অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আর্থিক বছর ধরা হবে জুলাই মাস থেকে জুন মাস। আগামী ১ জুলাই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফিন্যান্সিয়াল অ্যাক্ট পরিপালনের লক্ষ্যে উল্লিখিত তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কতিপয় সিকিউরিটিজ আইন পরিপালনের বাধ্যবাধকতা থেকে আগামী ৩০ জুন ২০১৬ পর্যন্ত অব্যাহতি দেওয়া হবে। শিগগির এ সংক্রান্ত নির্দেশনা জরি করবে বিএসইসি।