২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমার্শিয়াল পেপার ছেড়ে ৫০ কোটি টাকা ঋণ নেবে আমান ফিড

কমার্শিয়াল পেপার নামে এক ধরনের বাণিজ্যিক দলিল ছেড়ে ৫০ কোটি টাকার স্বল্পমেয়াদি ঋণ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

পূবালী ব্যাংক জামিনদার হিসেবে এই কমার্শিয়াল পেপার ইস্যু করে বিভিন্ন উৎস থেকে এই টাকা তুলে দেবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

সাড়ে ৮ শতাংশ সুদে ১৮০ দিন বা ছয় মাসের মধ্যে এই ঋণ পরিশোধ করবে বিবিধ খাতের কোম্পানি আমান ফিড।

কমার্শিয়াল পেপার জামানতবিহীন একটি স্বল্পমেয়াদি ঋণপণ্য। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ব্যবসার গতি-প্রকৃতি ও ঋণের চাহিদা উল্লেখ ঋণের জন্য এই বাণিজ্যিক দলিল ইস্যু করে।

কোনো ব্যাংক ওই দলিলের ভিত্তিতে গ্যারান্টার হয়ে বাজার থেকে ওই প্রতিষ্ঠানের জন্য ঋণের অর্থ তুলে দেয়। এ ক্ষেত্রে কোনো ধরনের জামানত ছাড়া কেবল ওই দলিলের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বাইরেও যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান কমার্শিয়াল পেপারের গ্রাহক হতে পারে। এই ঋণের মেয়াদ সর্বনিম্ন সাত দিন এবং সর্বোচ্চ ৩৬৫ দিন হয়। ঋণের সুদহারও হয় প্রচলিত ঋণের চেয়ে কম। এটা বাজারের তারল্য পরিস্থিতির ওপর নির্ভর করে।

এই ঋণপণ্য উন্নত বিশ্বে বহুল প্রচলিত হলেও বাংলাদেশ নতুন; মুদ্রাবাজারে পর্যাপ্ত তারল্য থাকায় সম্প্রতি অনেক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি এই ঋণের দিকে ঝুঁকছে বলে ব্যাংক খাতসংশ্লিষ্টরা জানান।

১৯৯০ সালের দিকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) একটি নীতিমালার আওতায় ভারতে প্রথম কমার্শিয়াল পেপারের মাধ্যমে ঋণ বিতরণ শুরু হয়।

বাংলাদেশে এখন পর্যন্ত কমার্শিয়াল পেপার ইস্যুর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নীতিমালা না থাকলেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি নির্দেশনা আছে।

ওই নির্দেশনা অনুযায়ী কোনো ঋণদায় অথবা শেয়ার ইস্যুর ক্ষেত্রে ওই ইস্যুর একটি ভালো মানের ক্রেডিট রেটিং থাকতে হবে।