ডোরীন পাওয়ারের শেয়ারের লেনদেন শুরু বুধবার
দেশের দুই পুঁজিবাজারে ডোরীন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের শেয়ারের লেনদেন বুধবার থেকে শুরু হচ্ছে।
‘এন’ ক্যাটাগরির আওতায় ‘ডরীনপিডব্লিউআর’ নামের ট্রেডিং কোড নিয়ে সকাল সাড়ে ১০টায় দুই বাজারে এই শেয়ারের লেনদেন শুরু হবে।
এর মধ্যে লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে রোববার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা করেছে ডোরীন পাওয়ার।
ডিএসইর পরিচালনা পর্ষদ ২৮ মার্চ জ্বালানি খাতের এই কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়।
ডরীন পাওয়ার প্রিমিয়ামসহ ২৯ টাকা মূল্যের ২ কোটি শেয়ার বাজারে ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ দুটি সহযোগী কোম্পানির পাওয়ার প্লান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর কাজে ব্যয় হবে।
ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতিআয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা হয়েছে।
