২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বিক্রির চুক্তি অনুমোদন আল-আরাফাহ ব্যাংকের

ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভলপমেন্ট অফ দ্য প্রাইভেট সেক্টরের (আইসিডি) সঙ্গে শেয়ার বিক্রির চুক্তিতে সায় দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 03:58 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী ব্যাংকটির ১০ শতাংশ শেয়ার কিনবে আইসিডি।

পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত সাধারণ শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে বাস্তবায়িত হবে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিতরণের পর যে পরিশোধিত মূলধন হবে তার ১০ শতাংশ শেয়ারের মালিকানা যাবে আইসিডির হাতে।

এ জন্য ব্যাংকটি নতুন করে ১১ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৪৯২টি শেয়ার আইসিডির অনুকূলে ইস্যু করবে। আইসিডি ৪ টাকা প্রিমিয়ামে ১৪ টাকা দরে এসব শেয়ার কিনবে।

শেয়ার কেনায় আইসিডি ব্যয় করবে ১৫৪ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৮৮৮ টাকা।

ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের একটি বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে আইসিডি।