৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ডও বে-মেয়াদি হচ্ছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ড বে-মেয়াদিতে রূপান্তরে সম্মতি দিয়েছে ইউনিটহোল্ডাররা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।
রোববার ১০০ শতাংশ ইউনিটহোল্ডারের উপস্থিতিতে সভায় ফান্ডটিকে বে-মেয়াদিতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ১ম, ২য়, ৩য় ও ৫ম আইসিবি মিউচুয়াল ফান্ডকেও বে-মেয়াদিতে রূপান্তরের পক্ষে ভোট দেয় ইউনিটহোল্ডাররা।
৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের কার্যক্রম শুরু হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ারবাজারে ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
২০১৫ সালের ২৯ জুন বিএসইসির কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সব ফান্ডের মেয়াদ ১০ বছর পার হয়েছে সেসব ফান্ড অবসায়ন বা বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর মধ্যে আইসিবি ৪র্থ মিউচুয়াল ফান্ডকে ২০১৬ সালের ৩১ মার্চের মধ্যে অবসায়ন বা বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের সময় বেঁধে দিয়েছে বিএসইসি।
এছাড়া ৬ষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডকে চলতি বছরের ৩০ জুনের মধ্যে, ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ডকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ও ৮ম আইসিবি মিউচুয়াল ফান্ডকে ৩১ ডিসেম্বরের মধ্যে বে-মেয়াদিতে রূপান্তরে অথবা অবসায়নে নির্দেশনা রয়েছে বিএসইসির।
