বাজার নিম্নমুখী, বিনিয়োগকারীরা লোকসানে
বিক্রির চাপ বেশি থাকায় নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে শেয়ারবাজার; আর সে কারণে ঝুঁকির মাত্রা কম থাকা সত্ত্বেও লোকসান গুণতে হয়েছে বিনিয়োগকারীদের।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব বা আইআরএল।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত সপ্তাহে বাজারে ঝুঁকির মাত্রা ছিল আগের সপ্তাহের তুলনায় অপেক্ষাকৃত কম। তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল, যা ১৩.৯৭% লেনদেন বৃদ্ধির মাধ্যমে বোঝা যায়।
গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় গড় বাজার মূলধন হ্রাস পেয়েছে ১.৭৯%, বাজার মূলধন হ্রাসের সঙ্গে হাওলা ১১.৭৬% বৃদ্ধি পেয়েছে।
মাপকাঠি | চলতি সপ্তাহ | গত সপ্তাহ | পরিবর্তন |
ডিএসসিএক্স সূচক | ৪৪৭২.৮৪ | ৪৫৬৭.৫৭ | -২.০৭% |
গড় বাজার মূলধন (কোটি টাকা) | ৩১২২০৭.২৫ | ৩১৭৮৮৬.০৯ | -১.৭৯% |
মোট লেনদেন (কোটি টাকা) | ২২৪৩.৩১ | ১৯৬৮.৪১ | ১৩.৯৭% |
মোট পরিমাণ (কোটি টাকা) | ৬১.৯০ | ৫০.১৫ | ২৩.৪৩% |
মোট হাওলা | ৫১৮২৯৮ | ৪৬৩৭৫৩ | ১১.৭৬% |
মুনাফা-ঝুঁকি অনুপাত | -৫.২০ | -০.৯৫ | -৪৪৬.৯০% |
সূত্র: রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব
বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে গড়ে প্রতি ইউনিট ঝুঁকি গ্রহণের বিপরীতে বিনিয়োগকারীদের লোকসান গুণতে হয়েছে ৫.২০, যা বাজারের দুর্বল অবস্থা নির্দেশ করে।
এ সপ্তাহে প্রধান মূল্যসূচক ২.০৭% (৬০ পয়েন্ট) হ্রাস পেয়েছে ও বাজার ঝুঁকির মাত্রা ছিল ০.৪০%।
এছাড়া বাজারের অ্যাডভান্সড-ডিক্লাইন (এডি) রেশিও ০.৯৩ থেকে ০.৯১ তে পরিণত হয়েছে, যেটি থেকে বোঝা যায় বাজারে নিম্নমুখী প্রবণতা ঊর্ধ্বমুখীর তুলনায় বেশি ছিল।
তবে লক্ষণীয় যে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বাজার মূলধন মোট বাজার মূলধনের ৩৪.৪৩% থেকে কমে দাঁড়িয়েছে ৩৩.৮৫%।
অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা হ্রাস পেয়েছে।
খাত ভিত্তিক কড়চা
গত সপ্তাহে পেপার ও প্রিন্টিং (১৬৬.৮৮) ও জুট (১৪৪.০২) খাতের ছিল সর্বাধিক পি-ই রেশিও, যা এ দুটি খাতের কোম্পানিগুলোর মুনাফার তুলনায় তাদের শেয়ারের উচ্চ চাহিদাকে নির্দেশ করে।
আইআরএল বলছে, সেজন্য এ খাতের শেয়ার কেনার ব্যাপারে এ সপ্তাহে বিনিয়োগকারীদের উচ্চমাত্রার সাবধানতা অবলম্বন করা উচিৎ। কারণ এমন মুনাফা ও পি-ই-এর এমন সম্পর্ক অতি উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নির্দেশ করে।
উল্লেখযোগ্য শেয়ার
এ সপ্তাহে সাপ্তাহিক মুনাফার দিক থেকে শীর্ষ ৫ শেয়ার ছিল- ওরিয়নফার্মা (১৬.০১%), বিএসআরএম লিমিটেড (১৪.৪১%), বিডিফাইন্যান্স (১২.৫৯%), রুপালী লাইফ (১১.৯১%) এবং জাহিন স্পিনিং (৮.৬৬%)।
এবং সর্বনিম্ন ৫ শেয়ার ছিল- সিঙ্গার বিডি (-২১.১২%), কাশেম ড্রাইসেল (-১২.২৯%), সিনো বাংলা (-১১.২৫%), পূবালী ব্যাংক (-১০.৯৫%) এবং তাল্লু স্পিনিং (-১০.৭৩%)।
দামের ওঠানামায় ঝুঁকির পরিমাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পাঁচ শেয়ার ছিল- বিএটিবিসি (৭১.৮০), বাটা সুজ (৪৪.৭৪), মারিকো (৪৪.০৪), গ্ল্যাক্সো (৩২.৩৯) এবং বার্জার(২৬.৩)।
টাকার পরিমাপে বাজারে মোট লেনদেনের শতাংশ হিসেবে সর্বাধিক লেনদেন হয়েছে- লংকাবাংলা (৬.৮৮%),ওরিয়নফার্মা (৪.১৮%), সিঙ্গারবিডি (৩.৩৯%), ইউনাইটেড পাওয়ার (৩.১২%) এবং ইফাদ অটোস (২.০৯০%)।
অন্যদিকে সপ্তাহের মোট লেনদেনকৃত শেয়ারের সংখ্যার অনুপাতে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ ৫ কোম্পানি- লঙ্কা বাংলা (৬.১২%), সিএমসি কামাল (৪.১১%), ওরিয়ন ফার্মা (৩.৬৬%), ইউনাইটেড এয়ার (৩.৫৫%) এবং ওয়ানব্যাংক মিটেড (৩.৪৫%)।
মোট বাজার মূলধনের অনুপাতে সর্বোচ্চ মূলধন সৃষ্টিকারী পাঁচ শেয়ার ছিল- জিপি (১১.০৮%), ব্যাট বিসি (৫.৩৯%), স্কয়ার ফার্মা (৫.২৯%), লাফার্জ সুরমা (২.৯৫%) এবং রেনেটা (২.১৩%)।
সবচেয়ে বেশি সংখ্যক লেনদেন সংঘটিত হয়েছে- লঙ্কা বাংলা (২০৫৯০), সিঙ্গার বিডি (১৫৯৯৪), ওরিয়ন ফার্মা (১৫৭৩৭), কাশেম ড্রাইসেল (১৩৫১২) এবং সিএমসি কামাল (১২৭২৫)।
এ সপ্তাহের আভাস
গত সপ্তাহ এবং তার আগের কয়েক সপ্তাহের বাজার পরিস্থিতি ও গবেষণার প্রেক্ষিতে, আগামী সপ্তাহের বাজার কিছুটা কম ঝুঁকিপূর্ণ হবে বলে আভাস দিয়েছে আইআরএল।
তারা বলছে, সূচকের ওঠানামা গত সপ্তাহের তুলনায় ভিন্নতা থাকতে পারে, সেই সঙ্গে বাজার থেকে লাভ তুলে নেওয়া খুব বেশি সহজ হবে না।
নিম্নমুখী প্রবণতা আগামী সপ্তাহেও কিছুটা চলমান থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
