‘তারল্য সঙ্কটে’ পড়ছে বাজার
দুটি মিউচুয়াল ফান্ডের বিক্রির চাপের পাশাপাশি তিনটি আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) পাঁচশ কোটি টাকার মতো আটকে থাকায় বাংলাদেশের পুঁজিবাজারে টানা পতন চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিক্রির চাপ কমে আসলে এবং আইপিওর টাকা মুক্ত হলে বাজার ‘স্বাভাবিক’ হবে বলে আভাস দিয়েছেন তারা।
বুধবার নিয়ে টানা ছয় দিন সূচক পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)।
এই কয়দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৩৬ পয়েন্ট, যা বুধবার দিন শেষে ছিল ৪ হাজার ৪৬২ পয়েন্টের ঘরে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এই সূচক সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম সূচকের দেখা মিলেছিল ২০১৫ সালের ১৫ নভেম্বর, যা ছিল ৪ হাজার ৪২৪ পয়েন্ট।
কেন পড়ছে এই সূচক- জানতে চাইলে ডিএসইর সাবেক সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, “দুটি মিউচুয়াল ফান্ডের বিক্রির চাপ তো আছেই, সাথে তিনটি আইপিওতে ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা আটকে গেছে।
“প্রথমত একমির আইপিওতে কিছু টাকা আটকে আছে। ডরীন পাওয়ারের আইপিওর লটারি ১০ মার্চ। বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স’র আইপিওতেও টাকা আটকে আছে। সবমিলে প্রায় ৫০০ কোটি টাকা আটকে থাকায় বাজারে তারল্য অর্থাৎ নগদ টাকার সঙ্কট দেখা দিয়েছে, যে কারণেও সূচক পড়ছে।”
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক এবং ব্রোকারেজ হাউজ আইসল্যান্ড সিকিউরিটিজের মালিক মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দেশে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা খারাপ। এইমসের মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারকে তিনভাবে প্রভাবিত করেছে।
“প্রথমত, যেসব ক্ষুদ্র বিনিয়োগকারীর হাতে এইমস ও গ্রামীণ মিউচুয়াল ফান্ডের শেয়ার ছিল তারা তা বিক্রি করছেন। মিউচুয়াল ফান্ড দুটি যেসব কোম্পানিতে বিনিয়োগ করেছিল তারাও সেসব কোম্পানির শেয়ার ছেড়ে দিচ্ছে।”
এছাড়া বিষয়টি নিয়ে মামলা চলায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা সঙ্কট সৃষ্টি হওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন তিনি।
মহিউদ্দিন বলেন, “শেয়ার বিক্রির চাপ কমে গেলে পুঁজিবাজার ভালো হওয়ার কথা।”
মঙ্গলবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “এইমস এবং গ্রামীণ মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রির চাপেই পড়ছে পুঁজিবাজার। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ৩০০ কোটি টাকার শেয়ার বিক্রি করতে হবে।”
গত ১৭ ফেব্রুয়ারি এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে ১৪ দিন সময় বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যে সময় শেষ হয়েছে ২ মার্চ।
এইমস ওয়ান ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনার পরিচালক ইয়াওয়ার সায়ীদ বলেন, “আমরা প্রতিদিন শেয়ার বিক্রি করছি। কারণ আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে আমরা বুঝেই শেয়ার বিক্রি করছি। কম দামে নয়, কারণ কম দামে করলে আমাদের অন্যান্য মিউচুয়াল ফান্ডের এনএভি কমে যাবে ।”
