৩০০% লভ্যাংশ দেবে হাইডেলবার্গ, সিনোবাংলার ১০%
পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে হাইডেলবার্গ ৩০০ শতাংশ ও সিনোবাংলা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
দুই কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
হাইডেলবার্গ সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ এপ্রিল সকাল ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোয় অবস্থিত কারখানার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২১ মার্চ।
হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ১৪০ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা ।
এই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৪ দশমিক ৮১ টাকা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১০২ দশমিক ২৭ টাকা ।
১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটি আগের বছর ৩৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আর সিনোবাংলার এজিএম ১৫ মে সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়ার বড় বালুয়াকান্দিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ১৬ মার্চ।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩১ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৪ টাকা ৯৩ পয়সা।
১৯৯৯ সালে তালিকাভুক্ত সিনোবাংলা আগের বছরও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
