২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক আবার নিম্নমুখী

দুই দিন চাঙ্গাভাবের পর বাংলাদেশের পুঁজিবাজারে আবার সূচক ও দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 06:13 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বুধবার প্রায় ১৮ পয়েন্ট কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

টানা আট দিন পতনের পর সোম ও মঙ্গলবার চাঙ্গাভাবে ফিরেছিল বাজার। মঙ্গলবার ডিএসইএক্স প্রায় ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯১ পয়েন্টে উঠেছিল। তার আগে সোমবার বেড়েছিল ১৯ দশমিক ৫৩ পয়েন্ট।

আগের আট কর্মদিবসে ডিএসইএক্স ১৫৭ পয়েন্ট পড়ে যায়।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা স্টক একএচঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স  ১৭ দশমিক ৭৬  পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার, যা মঙ্গলবারের চেয়ে ৯৩ কোটি টাকা কম।

লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা,  শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আইটিসি, অ্যাপেক্স ফুডস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৯১ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেনে হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির শেয়ারের দর কমেছে, বেড়েছে ৫৮টির। ৩৫টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।