পুঁজিবাজার স্থিতিশীল, দাবি ডিএসইর
সাত দিনের টানা পতনের ধারায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সোয়া শ’ পয়েন্ট কমলেও ডিএসই কর্তৃপক্ষ বলছে, পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিল কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারী এ দাবি জানান।
তিনি বলেন, “পুঁজিবাজার বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। পুঁজিবাজার নিয়ে কিছু নেতিবাচক বক্তব্যের কারণে বিরূপ প্রভাব পড়েছে; বিনিয়োগকারীদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
বাংলাদেশের পুঁজিবাজারকে ‘দীর্ঘমেয়াদী বিনিয়োগবান্ধব’ হিসেবে অভিহিত করে আবদুল মতিন বলেন, “এর প্রমাণ হলো- ২০১২ সালের তুলনায় ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাজারে মূলধন ৩১ শতাংশ বেড়েছে এবং তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ১৮ শতাংশ রেড়েছে।”
“আর বর্তমান বাজারে ট্রেডারের সংখ্যা কমে গেলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী বেশি।”
ডিএসইর সফটওয়ার সমস্যা নিয়ে কথা বলেন অন্যতম পরিচালক ও বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক কায়কোবাদ।
তিনি বলেন, “ডিএসইতে সফটওয়ারের কারিগরি ত্রুটি আগেও হয়েছে। বিভিন্ন দেশেই সমস্যা হয়ে থাকে। আমরা চেষ্টা করছি যাতে এ ধরনের সমস্যা আর না হয়।”
বুধবার সফটওয়ারের কারিগরি ত্রুটির কারণে ২৯টি ব্রোকার হাউসে লেনদেনে সমস্যা হয়।
কায়কোবাদ বলেন, “সফটওয়ারের এ সমস্যার ‘রুট কজ’ খুঁজে বের করতে কাজ চলছে।”
বৃহস্পতিবার নিয়ে টানা সাত দিন মূল সূচক পড়েছে ডিএসইতে; কমেছে লেনদেনও।
এই সাত দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৪ পয়েন্ট কমেছে; লেনদেন নেমে এসেছে প্রায় অর্ধেকে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি ডিএসইএক্স ছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্ট। বৃহস্পতিবার তা নেমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে; লেনদেন ৭২১ কোটি টাকা থেকে কমে ৪০৫ কোটিতে নেমেছে।
