২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বিঘ্নিত, ডিএসইতে পতন অব্যাহত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেন কমা অব্যাহত রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 06:29 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

বুধবার নিয়ে টানা ছয় দিন মূলসূচক পড়েছে ডিএসইতে; কমেছে লেনদেনও। এই ছয় দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১২ পয়েন্ট কমেছে; লেনদেন নেমে এসেছে প্রায় অর্ধেকে।

তবে এদিন লেনদেন বেড়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২১ পয়েন্টে।

মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়িয়েছিল; লেনদেন ১৬ দশমিক ৪০ শতাংশ কমে ২৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি ডিএসইএক্স ছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্ট। বুধবার তা নেমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে। আগের দিনের তুলনায় এদিন সূচক কমেছে ২৪ পয়েন্টের বেশি; লেনদেন কমেছে ৮৭ কোটি টাকা।

তবে কারিগরি ত্রুটির ডিএসইর ২৩৫টি ব্রোকারেজ হাউজের মধ্যে ২৯টিতে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন না হওয়ায় লেনদেন কম হয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

কারিগরি এই ত্রুটি সূচক কমারও একটি কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান।

ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এদিন ৫৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ৩৫৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি টাকা বা ১৯ দশমিক ৫৩ শতাংশ কম। আগের দিন লেনদেন হয় ৪৪৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

বুধবার লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এদিন ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩২ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- আল-আরাফাহ ইসলামি ব্যাংক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইটিসি, এমারেল্ড অয়েল, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, বিডি থাই, সিভিও পেট্রোকেমিক্যাল এবং ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি।

বুধবার সিএসইতে লেনদেন হয় ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

দুঃখ প্রকাশ

ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার বিকালে এক বিবৃতিতে জানায়, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের ত্রুটির কারণে স্টক এক্সচেঞ্জের ২৩৫টি ব্রোকারেজ হাউজের মধ্যে ২৯টি ব্রোকারেজ হাউজে লেনদেন ব্যাহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “ডিএসই ম্যানেজমেন্ট এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এ কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে।”

এতে জানানো হয়, ডিএসইর নতুন মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু করার জন্য সিস্টেমে পরিকল্পিত এবং পরীক্ষিত আপগ্রেডের কাজ গতকাল (মঙ্গলবার) করা হয়।

সমস্যাটির অন্তর্নিহিত কারণ এখনও তদন্তাধীন। এ বিষয়ে ডিএসই সফটওয়্যার পার্টনার ফ্লেক্সট্রেডের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার স্বাভাবিক ট্রেডিং কার্যক্রম চলবে বলেও জানিয়েছে ডিএসই।