পুঁজিবাজার স্থিতিশীল, আস্থার সঙ্কট নেই: বিএসইসি
অনেক দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে এবং বাজারে ওপর বিনিয়োগকারীদের আস্থার কোনো সঙ্কট নেই বলে দাবি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার বিএসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ দাবি করেন।
তিনি বলেন, “চীনের পুঁজিবাজারসহ বিশ্বের অন্যান্য দেশের পুঁজিবাজারেও বড় ধরনের পতনের ঘটনা ঘটেছে। সারা বিশ্বের তুলনায় গত কয়েক বছর আমাদের পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে।”
সোমবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, কেলেঙ্কারির ঘটনার পর নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠন করা হলেও বাজার ও নিয়ন্ত্রক সংস্থার ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরেনি। একারণে বিএসইসির বর্তমান চেয়ারম্যানকে পরিবর্তন করার পক্ষে মত দিয়েছেন তিনি।
এর পর তাৎক্ষণিকভাবে ডাকা সংবাদ সম্মেলনে বিএসইসির মুখপাত্র বলেন, “বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই- এ ধরনের কথা প্রচার করা হচ্ছে, তা মোটেও সঠিক নয়। বিভিন্ন কোম্পানির আইপিওতে চাহিদার তুলনায় ৫, ১০ এমনকি ১৫ গুণ বেশি আবেদন পড়ছে। এটি বিনিয়োগকারীদের আস্থার প্রকাশ বলেই আমরা মনে করছি।
“বাজারে কোনো কোনো কোম্পানির দাম কমে যেতেই পারে। আবার কোনো কোনো কোম্পানির দাম বেড়ে যেতেই পারে। এটি মূলত শেয়ারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে।”
এসময় বাজারের ওপর আস্থা ফিরিয়ে আনতে গত কয়েক বছর বিএসইসির নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
“একটি জবাবদিহিমূলক এবং স্বচ্ছ বাজার গড়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। কোম্পানির নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ার কোম্পানির জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ক্ষেত্রে পাবলিক ইস্যু রুলস-২০০৬ পরিবর্তন করে নতুন রুলস-২০১৫ করা হয়েছে, যাতে অনেক বেশি ডিসক্লোজার সংযুক্ত করা হয়েছে।”
বাজারের ওপর উন্নত নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে সাইফুর রহমান বলেন, “লেনদেনে কোনো কারসাজি হলে তা তাৎক্ষণিক সার্ভিলেন্স ব্যবস্থায় ধরা পড়ছে। আমাদের সিস্টেমে অ্যালার্ট আসে।
“তার ভিত্তিতে আমরা প্রাথমিক পর্যায়ে তদন্ত করে থাকি। প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠন করা হয়। এমনকি কারসাজি খতিয়ে দেখার জন্য স্টক এক্সচেঞ্জেও পাঠানো হয়।”
এছাড়া অনিয়মের কারণে বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানান তিনি।
আরএন স্পিনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে অপসরণ করা এবং বেশ কিছু ইস্যু ম্যানেজারের সনদ বাতিলের কথা উল্লেখ করেন বিএসইসির মুখপাত্র।
তবে ২০১৫ সালে দেশের পুঁজিবাজারের পরিধি সাড়ে ৪ শতাংশ কমায় বাজারে তার প্রভাব পড়েছে জানান তিনি।
“এর পেছনে বড় পুঁজির কোম্পানি লাফার্জ সুরমা, তিতাস গ্যাস ও গ্রামীণফোন- এই ৩ কোম্পানির ভূমিকা ছিল। এসব কোম্পানির নিজ নিজ নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের কারণে তাদের শেয়ারের দর কমেছে।”
এর আগে সকালে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নব নির্বাচিত পরিচালনা পর্ষদ বিএসইসি চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
