রড উৎপাদন বাড়াতে চায় জিপিএইচ ইস্পাত
গ্যাস ও বিদ্যুৎসাশ্রয়ী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রড উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত।
বৃহস্পতিবার কাওরানবাজারে লা ভিঞ্চি হোটেলে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “জিপিএইচের বর্তমান বার্ষিক উৎপাদন এক লাখ ৬৮ হাজার মেট্রিক টন। সম্প্রসারণের ফলে ৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন বেশি উৎপাদন হবে । সব মিলে মোট বার্ষিক উৎপাদন ১০ লাখ ৮ হাজার মেট্রিক টনে উন্নীত হবে।”
দক্ষিণ এশিয়ার মধ্যে জিপিএইচই প্রথম রড উৎপাদনে ‘কোয়ান্টাম প্রযুক্তি’ ব্যবহার করবে দাবি করে জাহাঙ্গীর বলেন, “বর্ধিত উৎপাদনের জন্য একহাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে।
“এর মধ্যে একহাজার ২০০ কোটি টাকা দেশি-বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে, যার সুদের হার ৫-৬ শতাংশের মধ্যে থাকবে। বাকি অর্থ কোম্পানির নিজস্ব তহবিল এবং শেয়ার বাজার থেকে রাইট শেয়ারের মাধ্যমে এবং কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
নতুন এ প্রযুক্তিতে উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে আগামী ১৯ ফেব্রুয়ারি অস্ট্রিয়ার প্রাইমেটালস টেকনোলজিসের সঙ্গে চুক্তি সই করা হবে বলে জানান তিনি।
“এই পদ্ধতি ব্যবহার করার ফলে আমাদের গ্যাস ও বিদ্যুৎ- উভয়ই সাশ্রয় হবে। নতুন করে প্রায় নয় হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।”
বর্তমানে জিপিএইচের কারখানায় একলাখ ৬৮ হাজার মেট্রিক টন এমএস বিলেট এবং একলাখ ২০ হাজার মেট্রিক টন এমএস রড উৎপাদিত হয় বলে জানান তিনি।
“আমাদের নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এমএস বিলেটের বার্ষিক উৎপাদন ৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন বেড়ে ১০ লাখ ৮ হাজার মেট্রিক টনে দাঁড়াবে। একইসঙ্গে এমএস রডের বার্ষিক উৎপাদন ৬ লাখ ৪০ হাজার মেট্রিক টন বেড়ে ৭ লাখ ৬০ হাজার মেট্রিক টন উৎপাদন সম্ভব হবে। অর্থাৎ কোম্পানির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৫ গুণ বাড়বে।”
কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আব্দুর রউফ ও মোহাম্মদ আবদুল আহাদ এসময় উপস্থিত ছিলেন।
